ছোটগল্প - লাল কালো ইট।।

 লাল-কালো ইট।

রমেশ রোজ দেখে, মেশিন থেকে বার হওয়া মাটির সঙ্গে বালির মিশেল হচ্ছে। তারপর পাথাই চাচাদের হাত ধরে ছাঁচে পড়ছে মিশেল মাটি। রমেশ লছমীকে একদিন জিজ্ঞেস করে, মা সব ইট একরকম দেখতে, তবে মানুষ কেন ভিন্ন রকম? লছমী উত্তর খুঁজে পায়না। ছেলেকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে, সে বলে, ইটের সব ছাঁচ যে মাপে এক। রমেশের মাথায় ঢোকে না মানুষের ছাঁচ কোথায় কিনতে পাওয়া যায়। সে বলে, মা বলোনা, আমার ছাঁচ তুমি কোথায় পেয়েছিলে? রমেশ ওর বাবাকে কোনদিন দেখেনি। রমেশ লছমী মুন্ডার ছেলে। উত্তর না আসায়, রমেশ বলে, বলো না, কোন পাথাই চাচা আমার ছাঁচ ঢেলেছিল।

লছমী বলে, আমাকে বকাস না, হাতে অনেক কাজ। তাড়াতাড়ি মহল্লা ছেড়ে বেরোতে হবে।


      মাস খানেক পরে শুরু হয়ে যাবে বৃষ্টির মরসুম। আজই বেশ কিছুদিনের জন্য রমেশদের অছিপুরের পাট চুকে যাবে। বছর তিনেক হল ওদের এমন উদ্বাস্তুর মত ঘুরে বেড়াতে হচ্ছে। কেন যে বারবার ইটভাটা ছেড়ে ওদের যেতে হচ্ছে তা' রমেশ জানে না। মা গোছগাছে ব্যস্ত, রমেশ খেলবে বলে গণেশদের  চালায় হাজির হয়। বিছানাপত্তর, দড়িদড়ায় বাঁধা পড়ছে সেখানে। গণেশ তার মায়ের সঙ্গে হাত লাগিয়েছে কাজে। গণেশ বলে তাড়াতাড়ি কর, যেতে হবে তো। মনমরা রমেশ এদিক-ওদিক ঘুরে অস্থায়ী বাসায় ফেরে। ইতিমধ্যেই মায়ের স্নান সারা হয়ে গেছে। রমেশ বুঝে নেয় তার চেনা পল্লী, অচেনা নতুন পথে হারাতে চলেছে ফের। বছর বছর পরিযায়ী  হওয়ার সময় এগিয়ে আসছে। আগে বর্ষা শুরু হলে ওরা যেত। এখন কাজের অভাব।

       লছমী আর রমেশ অটো করে বজবজ স্টেশনে নামে। আট মাস আগে ভাটায় আসার সময় রমেশ স্টেশনে এমন পেল্লায় বাড়ি দেখেনি যার খাড়াই, মাথা উঁচু করে লক্ষ্য করতে হয়। গতরেও বাড়ি ছড়িয়ে গেছে অনেক দূর। বড় কালো ইটের পাহাড় সীমানা ছাড়িয়ে রাস্তা অবধি হাজির। দূরে ছোট মনিহারী দোকানের দেওয়াল ফেলে দিয়ে ইট গাঁথাই হচ্ছে। রমেশ কাছে গিয়ে দেখে এ তাদের ভাটায় তৈরি ইট। সে বুঝে পায়না কালো পাহাড়ের মত ইট গুলো কোথা থেকে এসে হাজির হলো। ছেলের সব প্রশ্ন উত্তরের ঠিকা নেওয়া আছে লছমীর। লছমী বলে, ঐ যে দেখছিস নীল আকাশ। বড়মানুষ উঁচু হতে হতে উঠতে চায় সেখানে। কে আর লাল ইট, লছমী রমেশের কথা মনে রাখবে বল? এরা আকাশ ফুঁড়ে উঠবে আর আমরা পলির মতো ভেসে বেড়াবো ইটভাটায় পুড়তে। রমেশের কচি মাথায় কিছুই ঢোকে না। 

হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বলে, মা, মানুষের মতো ইটও কি নতুন নতুন ছাঁচে ঢালা হচ্ছে?

Comments

Popular posts from this blog

একগুচ্ছ কবিতা

কোন সে আলোর স্বপ্ন(কথায় ধারাবাহিক)